ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহন নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।
সোমবার (৯ই ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, “এতদিন আমরা চুপ ছিলাম। সবকিছু সহ্য করেছি। কিন্তু নির্বাচনের ঠিক আগমুহূর্তে এসে যদি ভোট কারচুপি, মিডিয়া ব্ল্যাকআউট কিংবা জনগণের তথ্য জানার অধিকার হরণ করার কোনো পরিকল্পনা নেওয়া হয়, তা মেনে নেওয়া হবে না।”
নির্বাচন কমিশনকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি কোনো ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হয়, তাহলে ফ্যাসিস্ট হাসিনা আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়বে বর্তমান নির্বাচন কমিশন।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। এই সিদ্ধান্তের বৈধতা নিয়েই প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম।
তার ভাষায়, “ইসি কোন আইন বা বিধি থেকে এই সিদ্ধান্ত এনেছে, আমরা জানি না। কার ইশারায় নির্বাচন কমিশন কাজ করছে, তা এখন জনগণের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে।”
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “আজ সন্ধ্যার মধ্যেই এই বিতর্কিত বিধি পরিবর্তন করতে হবে। অন্যথায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
জনসভায় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ‘ভোটের স্বচ্ছতার পরিপন্থী’ এবং ‘নাগরিক অধিকার হরণ’ বলে মন্তব্য করেন।
