আন্তর্জাতিক বিভাগ| গণ আওয়াজ
যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া হিসেবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) নিশ্চিত করেছে যে, কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (Fifth Fleet) মূল স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইউএস সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এর আগে শুক্রবার ইরানের দুটি ড্রোন ও রাডার স্টেশন ধ্বংসের দাবি করেছিল মার্কিন বাহিনী, যার পাল্টা জবাব হিসেবে ইরান এই হামলা চালায়। বাহরাইনের রাজধানী মানামা এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: এএফপি, মিডল ইস্ট মনিটর এবং তাসনিন নিউজ এজেন্সি।
