স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় ব্যবহার করে জেলা প্রশাসককে বিভ্রান্ত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শামীম ওসমান (২৯)। তিনি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয়ে পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তার কাছে অর্থ দাবি করেন বলে অভিযোগ উঠেছে।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) সাভার এলাকায় অভিযান চালিয়ে শামীম ওসমানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন ইউনিটের একটি বিশেষ দল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শামীম ওসমান হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে বার্তা পাঠান। ওই বার্তায় তিনি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে রাজনৈতিকভাবে সংবেদনশীল কিছু নির্দেশনা দেন। পাশাপাশি জেলা প্রশাসকের কাছে তথাকথিত ‘মাসিক কালেকশন’ বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। পরবর্তীতে সিপিসি ও সিআইডির সমন্বয়ে প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তকে শনাক্ত করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার শামীম ওসমান একজন পেশাদার প্রতারক। এর আগেও তিনি বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করেছেন।
তিনি আরও জানান, শামীম ওসমানের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় আগে থেকেই একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার এমন ঘটনা রোধে সাইবার নজরদারি আরও জোরদার করা হবে।
