সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত ও আলোচনার বিষয় তুলে ধরেন।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কর্মসূচি দ্রুত বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে প্রশাসনিক কার্যক্রম দুর্নীতির প্রভাবমুক্ত রেখে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে।

এই সময়ের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। রমজানে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে কাজ এগিয়ে নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে জনজীবন স্বাভাবিক রাখা, সেবা ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *