সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

শেয়ার করুন

সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৪০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে করে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন প্রধান। বিমানবন্দর সূত্র জানায়, তার হ্যান্ডব্যাগে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৪০ লাখ বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় এত বড় অঙ্কের নগদ অর্থ বহন করাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্দেহজনক হিসেবে বিবেচনা করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া তথ্যকে ‘ভিত্তিহীন’ দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক প্রতিক্রিয়ায় জানান, আটক হওয়া অর্থ নির্বাচনী কাজে ব্যবহারের জন্য ছিল না; বরং তা ছিল ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত অর্থ।

উল্লেখ্য, বেলাল উদ্দিন প্রধান পেশায় একজন শিক্ষক। তিনি সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় কর্মরত এবং ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা দবিরুল ইসলাম।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *