নির্বাচনে দায়িত্ব পালনরত সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের কার্যক্রম সন্তোষজনক।
ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সার্বিকভাবে ভোটার উপস্থিতি ভালো। তবে আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলেও তিনি আস্থা ব্যক্ত করেন।
সারা দেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শফিকুর রহমান বলেন, জনগণ নতুন কোনো ফ্যাসিবাদকে স্বাগত জানাবে না। তিনি নির্বাচনের প্রথম ভাগেই ভোট দেন এবং সে সময় বেশিরভাগ কেন্দ্রে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি লক্ষ্য করেছেন বলে জানান। তবে কয়েকটি কেন্দ্রে তুলনামূলক কম ভোটার উপস্থিতি ছিল বলেও উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, কিছু স্থানে ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা হয়েছে। বিশেষ করে মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক প্রবেশ করে ভোটারদের ভয়ভীতি দেখায় এবং সমর্থকদের শারীরিকভাবে হয়রানি করে। তবে সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।
এছাড়া তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থীদের কর্মী-সমর্থকেরা কয়েকটি এলাকায় সমস্যা সৃষ্টি করেছে। কুমিল্লার বড়ুরায় কয়েকটি কেন্দ্র দখল এবং জামায়াত প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও তোলেন তিনি। একই ধরনের পরিস্থিতির কথা কুমিল্লার লাকসাম ও ভোলার লালমোহন থেকেও জানা গেছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।
