নির্বাচন যতই ঘনিয়ে আসে, ততই বদলে যায় ভোটের চিত্র। একসময় ভোটকেন্দ্র খুঁজতে মানুষকে ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড অফিস কিংবা স্থানীয় কারও দ্বারস্থ হতে হতো। এখন সেই জায়গাটা দখল করে নিচ্ছে স্মার্টফোন। প্রযুক্তিনির্ভর এই সময়ে ভোটারদের বড় একটি অংশ আর কাগজে লেখা স্লিপ বা মুখে মুখে শোনা তথ্যের ওপর নির্ভর করছেন না; বরং সরাসরি অ্যাপের মাধ্যমেই খুঁজে নিচ্ছেন নিজেদের ভোটকেন্দ্র, প্রার্থীর পরিচয় এবং নির্বাচনী তথ্য।
বাংলাদেশ নির্বাচন কমিশন চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ, যার মাধ্যমে একজন ভোটার নিজের এনআইডি নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে জানতে পারছেন তিনি কোন কেন্দ্রে ভোট দেবেন, তার ভোটার নম্বর কত, এমনকি সেই কেন্দ্রের সুনির্দিষ্ট অবস্থান কোথায়। জিও-লোকেশন সুবিধার কারণে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্র পর্যন্ত যাওয়ার পথও দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে কেন্দ্রের ছবিও যুক্ত থাকায় ভোটারদের জন্য জায়গাটি চেনা সহজ হচ্ছে।
শুধু ভোটকেন্দ্রের তথ্যেই সীমাবদ্ধ নয় অ্যাপটি। নির্দিষ্ট আসনে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কী, সম্পদের বিবরণ, কিংবা মামলার তথ্য এসবও এক জায়গায় দেখা যাচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য এবং আগের নির্বাচনের ফলাফলও যুক্ত করা হয়েছে, যা ভোটারদের জন্য একটি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় প্ল্যাটফর্মেই উন্মুক্ত। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করা যাচ্ছে। ইতোমধ্যে প্লে স্টোরে অ্যাপটির ডাউনলোড সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে এবং ব্যবহারকারীদের গড় রেটিংও উল্লেখযোগ্য। হাজারো ব্যবহারকারী নিজেদের অভিজ্ঞতা জানিয়ে মতামত দিয়েছেন।
তবে প্রশ্ন থেকে যায় প্রযুক্তি কি সত্যিই ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করছে, নাকি এটি কেবল তথ্যপ্রাপ্তির একটি আধুনিক মাধ্যম? অন্তত তথ্য জানার ক্ষেত্রে ভোটাররা এখন আর অন্ধকারে নেই। কেন্দ্র কোথায়, প্রার্থী কে, তার পটভূমি কী এসব জানতে আর কাউকে ফোন করতে হচ্ছে না। কয়েকটি ক্লিকেই তথ্য চলে আসছে হাতের মুঠোয়।
ডিজিটাল বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় এই অ্যাপ নিঃসন্দেহে একটি নতুন অধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত প্রযুক্তির সাফল্য নির্ভর করবে ব্যবহারকারীর আস্থা, তথ্যের নির্ভুলতা এবং সার্বিক নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর। ভোটারদের সচেতনতা বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এ কথা অস্বীকার করার সুযোগ নেই।
