সরকার ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে কাজ শুরু হয়ে ২০৩৩ সালের জুনে শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানিসম্পদ মন্ত্রণালয়।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা নদীর ওপর ২.১ কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, পদ্মা নদীর ওপর নির্ভরশীল বিপুল কৃষিজমির পানি সংকট মোকাবিলা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি নদীর প্রবাহ পুনরুজ্জীবন, সুন্দরবনমুখী লবণাক্ততা হ্রাস এবং কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।
এটি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়; বরং দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং পরিবেশ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে বিপুল ব্যয়ের এই প্রকল্প অর্থনৈতিক চাপ, বাস্তবায়ন দক্ষতা, ব্যয় নিয়ন্ত্রণ এবং সুশাসন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একই বৈঠকে মোট ৯টি প্রকল্পে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার বেশি ব্যয় অনুমোদিত হয়েছে, যার বড় অংশই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। পদ্মা ব্যারাজ প্রকল্প সেই তালিকায় সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
