জাতীয় সংসদ বা স্থানীয় সরকারের নির্বাচনের ফলাফল দ্রুত জানার সুবিধা দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই রিয়েল টাইমে ভোটের ফলাফল এবং বিভিন্ন নির্বাচনি তথ্য জানতে পারবেন।
অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে সার্চ করে সহজেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করলেই ব্যবহার শুরু করা যাবে।
সাধারণভাবে ভোটের ফলাফল দেখতে লগইনের প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হবে।
অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘Election Results’ অপশন নির্বাচন করে নির্বাচনের ধরন (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন) এবং সংশ্লিষ্ট জেলা বা ওয়ার্ড নির্বাচন করতে হবে।
ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল সরাসরি অ্যাপে আপলোড হবে। এতে প্রার্থী বা দলের ভিত্তিতে ভোট সংখ্যা, শতাংশ ও অবস্থান দেখা যাবে।
ফলাফল গ্রাফ ও চার্টের মাধ্যমে প্রদর্শিত হবে, ফলে প্রতিটি প্রার্থী বা দলের অবস্থান সহজেই বোঝা যাবে।
এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নির্বাচনের ফলাফলের প্রতিটি ধাপ লাইভ পর্যবেক্ষণ করতে পারবেন।
