ঢাকা-১৭ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে তারেক রহমান, দুই কেন্দ্রের ভোটে স্পষ্ট ব্যবধান

শেয়ার করুন

ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন পর্যন্ত গণনা হওয়া দুটি কেন্দ্রের ফল অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন এবং মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত নির্বাচন ও গণভোট চলাকালে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পাশাপাশি ৫৯টি জাল ভোট প্রদান এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *