পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্নআয়ের মানুষের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেসি অ্যাগ্রো ফার্ম। পুরো রমজান মাসজুড়ে খামারটির উৎপাদিত দুধ মাত্র ১০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন থেকেই খামার প্রাঙ্গণে নারী-পুরুষের ভিড় দেখা যায়। অনেকেই স্বল্পমূল্যে দুধ সংগ্রহ করেছেন, আবার কেউ কেউ বিনামূল্যেও পেয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সর্বোচ্চ ৯০ জনকে এক লিটার করে দুধ দেওয়া হবে।
স্থানীয়ভাবে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে করিমগঞ্জ উপজেলা এলাকায় গড়ে ওঠে এই খামার। বর্তমানে এখানে দুগ্ধ ও মোটাতাজাকরণ মিলিয়ে প্রায় আড়াইশ গরু রয়েছে। এর মধ্যে ১৮টি গরু নিয়মিত দুধ দিচ্ছে। প্রতিদিন প্রায় ৯০ থেকে ১০০ লিটার দুধ উৎপাদন হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, বাজারে প্রতি লিটার দুধের দাম বর্তমানে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। ফলে নিম্নআয়ের পরিবারের জন্য নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে স্বল্পমূল্যে দুধ বিক্রির এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে দুধের চাহিদা বাড়ে—এ বিষয়টি বিবেচনায় রেখে সামাজিক দায়বদ্ধতা থেকে এ কর্মসূচি নেওয়া হয়েছে। রমজানের শেষ দিন পর্যন্ত কার্যক্রম চালু থাকবে।
স্থানীয়দের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সময়ে এমন মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে।
