পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কল্যাণে নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় রমজান উপলক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।
রাজধানীর মহাখালি এলাকায় অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান-এর সম্মেলন কক্ষে রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান মাসে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। এই বাস্তবতা বিবেচনায় সরকারের উদ্যোগ তাদের জন্য সহায়ক হবে। ভবিষ্যতে এ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতর-এর মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল-এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
সরকারি সূত্র অনুযায়ী, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে রমজান মাসে খাদ্য সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখা এবং নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
