২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রস্তুতি শেষ: ইসি সচিব

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, শেরপুর–৩ আসন ছাড়া দেশের বাকি ২৯৯টি আসনে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচন উপকরণ ইতোমধ্যে পৌঁছে গেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে স্থাপিত ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব জানান, রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পর্যায়ক্রমে ব্যালট পেপার ও অন্যান্য উপকরণ সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এর মধ্য দিয়ে ভোটগ্রহণের মাঠপর্যায়ের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোটগ্রহণের মধ্য দিয়ে আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে প্রবেশ করবো। এটি দেশের রাজনৈতিক যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এই পথ সহজ ছিল না, বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা এখানে পৌঁছেছি।”

ভোট গণনা প্রসঙ্গে আখতার আহমেদ জানান, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ শুরু হবে। প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফলাফল গ্রহণ করবেন, এরপর রিটার্নিং কর্মকর্তা তা সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে ফল প্রকাশ করবে।

তিনি আরও বলেন, এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের জন্য আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় যাচাই-বাছাই ও কাঠামোগত প্রক্রিয়া থাকায় ফল আসতে কিছুটা সময় লাগতে পারে, তবে ফল প্রকাশ কোনোভাবেই অযথা বিলম্বিত হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

নির্বাচন চলাকালে তথ্যপ্রবাহ প্রসঙ্গে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন নিয়মিতভাবে তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজনে ব্যাখ্যাও দেওয়া হবে।

এ সময় তিনি অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন,

“সত্য যত কঠিনই হোক না কেন, আমরা সেটাই তুলে ধরবো। সত্যের সঙ্গে আপস করার প্রশ্ন নেই।”

অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *