ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় দুর্নীতিতে বাংলাদেশ ১৩তম

শেয়ার করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত সর্বশেষ দুর্নীতির ধারণা সূচক (CPI) ২০২৫ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। আগের বছর ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম।

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ সম্মেলনে সূচকটি উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, বিশ্বের ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১০০-এর মধ্যে ২৪ স্কোর, যার ফলে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় অবস্থান হয়েছে ১৩তম এবং উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম।

টিআইবি মনে করছে, চলতি বছরে বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বেড়েছে মূলত জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনার ইঙ্গিতের কারণে। তবে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় বাস্তবে দেশের অবস্থানে বড় কোনো পরিবর্তন আসেনি।

প্রতিবেদন প্রকাশের সময় ড. ইফতেখারুজ্জামান বলেন,
বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সর্বপ্রথম প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। তিনি জানান, আগের সরকারের মতো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার পেছনে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং আমলাতন্ত্রের দলীয়করণ বড় ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন,
“স্বল্প সময়ে সম্পূর্ণ রাষ্ট্র সংস্কার প্রত্যাশিত ছিল না, তবে সংস্কারের একটি শক্ত ভিত্তি তৈরি করার সুযোগ ছিল। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।”

প্রতিবেদন অনুযায়ী, এ বছর ৮৯ স্কোর নিয়ে ডেনমার্ক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে। অপরদিকে মাত্র ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে সাউথ সুদান ও সোমালিয়া

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ভারতের স্কোর ৩৯, পাকিস্তানের ২৮, শ্রীলঙ্কার ৩৫, নেপালের ৩৪ এবং আফগানিস্তানের ১৬। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ভুটান ৭১ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *