রাশিয়ায় ৩৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ।
৩৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত! যেকোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পারমাণবিক হামলা চালাতে সক্ষম রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ‘সারমাত’। পুতিনের এই নতুন অস্ত্র কি বিশ্ব রাজনীতিতে বড়সড় ঝড় তুলতে যাচ্ছে? রাশিয়া সফলভাবে তাদের অত্যাধুনিক ও ভারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) সারমাত (Sarmat / RS-28)-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে এবং এটি ৩৫,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
১২ মে রুশ স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের প্রধান জেনারেল সের্গেই কারাকায়েভ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করেন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে পুতিন জানান, এই ক্ষেপণাস্ত্রটি চলতি ২০২৬ সালের শেষ নাগাদ সামরিক বাহিনীতে মোতায়েন করা হবে। পুতিনের দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের মোট বিধ্বংসী ক্ষমতা বর্তমানে বিদ্যমান যেকোনো শক্তিশালী পশ্চিমা দেশের অস্ত্রের চেয়ে অন্তত ৪ গুণ বেশি।
সোভিয়েত আমলের শক্তিশালী ‘ভোয়েভোদা’ (Voyevoda) ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকল্প হিসেবে ক্রেমলিন এই সুপার-হেভি ‘সারমাত’ (যাকে ন্যাটো জোট ‘শয়তান-২’ বা Satan II নামে ডাকে) তৈরি করেছে। এটি রাশিয়ার ক্রাসনোয়ারস্ক ক্রাই অঞ্চলের উজহুর ফর্মেশনে প্রথম মোতায়েন করা হবে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, বেশ কয়েক বছরের কারিগরি জটিলতা এবং পূর্ববর্তী কয়েকটি ব্যর্থতার পর রাশিয়া এই সফল পরীক্ষাটি সম্পন্ন করল।
