মানিকগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ; আতঙ্কে সাধারণ মানুষ

শেয়ার করুন

নিজস্ব :প্রতিবেদক

মানিকগঞ্জে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে বিতর্ক ও পাল্টাপাল্টি রাজনৈতিক তৎপরতার মধ্যে এসব ঘটনার সূত্রপাত হওয়ায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ২০২৬ (রোববার) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর কাঁচাবাজারের পশ্চিম পাশে প্রায় ১০ গজ দূরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসের চালক ও সহকারী দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলেও আটক করতে পারেননি। ঘটনার পর বাসের চালক ও সহকারী আতঙ্কিত হয়ে গাড়িটি সরিয়ে নেন। এ সময় প্রশাসনকে অবহিত করা হয়েছিল কি না, জানতে চাইলে স্থানীয়রা জানান, চালক ও সহকারী ভয়ে দ্রুত স্থান ত্যাগ করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়নি বলে তারা শুনেছেন।
এদিকে, ৯ নভেম্বর রাত ৮টার পর মানিকগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাজ হোটেলের সামনে মহাসড়কের ব্যস্ত অংশেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান।

পরপর এসব বিস্ফোরণের ঘটনায় শহরের বিভিন্ন দোকানপাটের একটি অংশ বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হতে সাহস পাননি বলে স্থানীয়দের ভাষ্য।
অন্যদিকে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা ফেসবুক লাইভে ১০ নভেম্বর অফিস-আদালতের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। এ ধরনের বক্তব্য জনজীবন ও স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক কর্মসূচি বা মতবিরোধ থাকলেও সাধারণ মানুষের জানমাল, যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হবে কীভাবে? পরপর অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটার পরও এসব নাশকতা প্রতিরোধে আগাম ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়েও রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচির বিভিন্ন বক্তব্য ও প্রচারণা দেখা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
মানিকগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৎপরতা এবং প্রশাসনের নজরদারি অব্যাহত থাকার কথা বলা হলেও একের পর এক ঘটনার পুনরাবৃত্তি জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। সাধারণ জনগণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নাশকতা প্রতিরোধে তৎপর থাকার কথা জানানো হয়েছে। তবে বাসে অগ্নিসংযোগ ও শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পৃথক তদন্ত, মামলা বা গ্রেপ্তারের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জবাসীর প্রত্যাশা, রাজনৈতিক উত্তেজনা যেন কোনোভাবেই সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে না পারে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *