অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ | কার সম্পদ কত বাড়ল?

শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে তাদের স্ত্রী ও স্বামীদের সম্পদের হিসাবও।

মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ১ অক্টোবরের নির্দেশনার আলোকে উপদেষ্টাদের ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ সময়কালের সম্পদ বিবরণী জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে বেশ কয়েকজন উপদেষ্টার সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

প্রকাশিত তথ্যে দেখা যায় অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি ২৩ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় কয়েক কোটি বেশি।

ড. সালেহউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী পারভীন আহমেদের সম্পদেও সামান্য হলেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ায় এক বছরে তার ঘোষিত সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে তার স্ত্রী ড. সায়রা রহমান খানের সম্পদেও বৃদ্ধি এসেছে।

চিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং তার স্ত্রী ডা. রমা সাহার সম্পদেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল, উপদেষ্টা ফারুক ই আজম, সাবেক সেনা কর্মকর্তা বি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন, সমাজকর্মী শারমীন এস মুরশিদ, সাবেক সামরিক কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম ও প্রশাসক আলী ইমাম মজুমদার—সবার ঘোষিত সম্পদেই এক বছরের ব্যবধানে বৃদ্ধি ধরা পড়েছে।

এছাড়া ড. চৌধুরী রফিকুল আবরার, মুহাম্মদ ফাওজুল কবির খান, নূরজাহান বেগম, ফরিদা আখতার, ড. আ ফ ম খালিদ হোসেন, শেখ বশিরউদ্দীন এবং লে. জে. (অব.) আব্দুল হাফিজ—এই উপদেষ্টাদের সম্পদও আগের বছরের তুলনায় বেড়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই নিয়মিতভাবে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের তথ্য জনসম্মুখে প্রকাশ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *